যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা কমে যাওয়ায় চাপের মুখে পড়েছে টেসলার বিক্রি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টেসলা বিশ্বজুড়ে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি সরবরাহ করেছিল ৪ লাখ ৯৭ হাজার ৯৯টি গাড়ি। ফলে এক বছরের ব্যবধানে সরবরাহ কমেছে প্রায় ২ শতাংশ। তবে টেসলার এই সরবরাহ বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি। বিশ্লেষকরা তৃতীয় প্রান্তিকে ৪ লাখ ৬১ হাজার ৯৭৪টি গাড়ি সরবরাহের পূর্বাভাস দিয়েছিলেন। অর্থাৎ পূর্বাভাসের চেয়ে প্রায় ২৪ হাজার ৫৫৮টি বেশি গাড়ি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার ওপর চাপের অন্যতম কারণ হিসেবে গাড়ি কেনার ক্ষেত্রে ৭ হাজার ৫০০ ডলারের কর সুবিধা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। গত বছর এই সুবিধা শেষ হওয়ার আগে অনেক মার্কিন ক্রেতা দ্রুত বিদ্যুচ্চালিত গাড়ি কিনেছিলেন। ফলে তখন টেসলার বিক্রি রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল।
আরও পড়ুন,আট মাসেই বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ
এবার সেই তুলনায় চাহিদা কমেছে। টেসলা অঞ্চলভিত্তিক বিক্রির তথ্য প্রকাশ না করলেও গবেষণা প্রতিষ্ঠান কক্স অটোমোটিভের হিসাবে তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে টেসলার বিক্রি ৩১ শতাংশ কমে ১ লাখ ২৩ হাজার ৮৮০ ইউনিটে নেমে আসতে পারে। শুধু টেসলা নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য গাড়ি নির্মাতারাও একই ধরনের চাপের মুখে রয়েছে। তৃতীয় প্রান্তিকে ফোর্ডের যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি ৬ দশমিক ৬ শতাংশ কমে ৫ লাখ ৯ হাজার ৭৬৪ ইউনিট হয়েছে। জেনারেল মোটরসের বিক্রিও কমেছে ৬ শতাংশ। প্রতিষ্ঠানটি এ সময়ে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭০ হাজার ৯৭৪টি গাড়ি বিক্রি করেছে। তবে ইউরোপের বাজারে টেসলার পরিস্থিতি তুলনামূলক ভালো। জ্বালানির দাম বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা বেড়েছে। একই সঙ্গে ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গত বছর তৈরি হওয়া বিরূপ প্রতিক্রিয়াও কিছুটা কমেছে। ফলে ইউরোপে টেসলার বিক্রি আবার বাড়ছে।
মতামত